৭ দিনের কম মেয়াদী ইন্টারনেট প্যাক বন্ধ হতে পারে | অপারেটর নিউজ
সর্বনিম্ন সাত দিনের নিচে মোবাইল অপারেটরগুলো কোন ইন্টারনেট প্যাকেজ দিতে পারবেনা বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হক। শনিবার দুপুরে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ২০১৮ সালের অ্যামেচার রেডিও সার্ভিস পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, মোবাইল অপারেটরগুলোর বিভিন্ন প্যাকেজ নিয়েও আলোচনা হবে। বিটিআরসি গ্রাহক বান্ধব সংস্থা। গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি। একই সঙ্গে অপারেটরগুলোকে ব্যবসাবন্ধব পরিবেশ দিতে সহায়তা করছি। এজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এখন কোনো প্যাকেজ সাত দিনের কম হতে পারবে না। এই সিদ্ধান্তটি এখনও কার্যকর হয়নি। আগামী নয় তারিখের মধ্যে আমরা অপারেটরদের কথা শুনবো।
তিনি বলেন, আগে দুই ঘণ্টা, তিন ঘণ্টা বা সাত ঘণ্টার ইন্টারনেটের প্যাকেজ ছিল, যার ফলে ব্যবহারকারীরা হয়রানির শিকার হতেন। এতে করে ওই প্যাকেজের ইন্টারনেট ইউজ না হতেই মেয়াদ শেষ হয়ে যায়। তখন অপারেটরদের কাছে কোন ক্লেইম করলে অপারেটররা বলে তারা সময় বেঁধে দিয়েছিল। আমরা আশা করছি প্যাকেজের নতুন এই মেয়াদের ফলে এখন গ্রাহকরা উপকৃত হবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রাহক পর্যায়ে অফারকে আরো আকর্ষণীয় করা এবং গ্রাহক প্রতারণা বন্ধ করতেই পাঁচটি সিদ্ধান্ত দিয়ে এরই মধ্যে মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এসব বিষয়ে কড়াকড়ি আরোপের কথা জানিয়ে বলা হয়েছে, কোনো অপারেটরের প্যাকেজ বা অফারের সংখ্যা সব মিলে ৩৫টির বেশিও হতে পারবে না। বর্তমানে এ সংখ্যা অপারেটর ভেদে ৮০ থেকে ২০০ পর্যন্ত রয়েছে।
অসংখ্য অফার ও প্যাকেজ হওয়ায় অনেক ক্ষেত্রেই গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। অনেক ক্ষেত্রে প্রতারণার অভিযোগও উঠেছে গ্রাহকদের পক্ষ থেকে। এসব থেকে মুক্তি দিতেই অফার ও প্যাকেজের সংখ্যা ৩৫টি করে দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭ দিনের কম মেয়াদী ইন্টারনেট প্যাক বন্ধ হতে পারে | অপারেটর নিউজ
Reviewed by AH Inc.
on
December 10, 2018
Rating:
Reviewed by AH Inc.
on
December 10, 2018
Rating:

No comments: